জমিতে ছড়ানো বিষ মেশানো ধান খেয়ে ৭০টি ডিম পাড়া হাঁসের মৃত্যু

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৬:৫৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৬:৫৯:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। তার দাবি, এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। 

রবিবার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাবুদ্দিন জানান, তার খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল। প্রতিদিনের মতো রোববার সকালে হাঁসগুলো বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন। দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ৭০টি মৃত হাঁস দেখতে পান। স্থানীয় আরও ছয়টি হাঁসও সেখানে মৃত অবস্থায় পড়ে ছিল।

তিনি বলেন, নদীর তীরবর্তী একটি জমিতে ধান ছড়িয়ে রাখা ছিল। মৃত হাঁসের পেটে ওই ধান পাওয়া গেছে। তার ধারণা, বিষ মেশানো ধান খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে। অসুস্থ হাঁসগুলোকে প্রাণিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে। শাহাবুদ্দিন ২০২৪ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। খামারের আয়েই তার সংসার চলে।

বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ময়নুল হক সোনা ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিতে খামারমালিককে পরামর্শ দেওয়া হয়েছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com