এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৩২:২৭ অপরাহ্ন
বহর সম্প্রসারণের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আজ বুধবার (৭ অক্টোবর) ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির আওতায় বিমান বহরে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ৬টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।

কর্মকর্তারা জানান, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অক্টোবরের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি সম্পাদন হবে বলে নিশ্চিত করেছিলেন।

আশা করা হচ্ছে, ৪টি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে, ৬টি এ৩২১নিও উড়োজাহাজ ব্যবহৃত হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com