পুতিনের জন্মদিনে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৫:৩৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:৩৫:১৮ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিনের দিনেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। 

বুধবার (৭ অক্টোবর) চালানো এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

কিয়েভ ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ পুতিনকে জন্মদিনের উপহার হিসেবে রুশ সেনাবাহিনী চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে একটি আবাসিক ভবন ধ্বংস করেছে।

তিনি বলেন, এটি ছিল একটি সাধারণ পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবন। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ থাকতে পারে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন, প্রত্যেক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভেও ব্যাপক হামলা চালানো হয়েছে। এ ছাড়া দিনিপ্রো, ওলেকসান্দ্রিয়া, জাপোরিঝিয়া এবং পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিয়েভে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর দারনিতস্কি জেলায় হামলায় দুজন নিহত হয়েছেন।

কিয়েভ ইন্ডিপেনডেন্টের ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের তথ্যমতে, স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটের দিকে রাজধানীতে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী সতর্ক করেছিল, রাশিয়ার কয়েকটি তু-৯৫ বোমারু বিমান সীমান্তের দিকে এগিয়ে আসছে।

এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, একটির পর একটি ক্ষেপণাস্ত্র পড়ছে। আমি যতগুলো গুনতে পেরেছি, অন্তত ১০-১২টি বিস্ফোরণ হয়েছে। শহরের কেন্দ্রে বেশ জোরে শব্দ হচ্ছে। কিয়েভের পোদিল এলাকায় হামলার ঘটনা ঘটেছে এবং রাজধানীতে আগুন ও ধোঁয়া দেখা যায়।

দুই ঘণ্টা পর স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর এই হামলায় রুশ বাহিনী বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে।

কিয়েভ সময় সকাল ১০টা পর্যন্ত ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৯টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করার কথা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ১৩০টি রুশ ড্রোনের মধ্যে ১১৭টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করার দাবি করেছে ইউক্রেন।

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো শহরের পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন এবং ক্রেমেনচুকের চারটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এসব হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। পুতিনের ৭৪তম জন্মদিন ৭ অক্টোবরেই সর্বশেষ এই বড় আকারের হামলাটি চালানো হলো।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com