ফেসবুকে চিকিৎসকের পোস্ট

‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৬:২৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৬:২৬:২৭ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রসব বেদনা নিয়ে সাংবাদিকদের কাছে যাওয়ার প্রসঙ্গ তুলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. কেয়া লেখেন, আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।

চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশের পরপরই তার পক্ষ থেকে এমন মন্তব্য আসে।

জানা যায়, চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। 

তাদের দাবি, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয় এবং নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের জানান, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সাথে কথা বলার কথা জানান।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের এমন মন্তব্যের বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com