সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৭:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৭:১৫:৫৮ অপরাহ্ন
দেশের মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা আগস্ট মাসে ছিল ৮.২৬ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের অগ্নিমূল্যের কারণেই এই বৃদ্ধি ঘটেছে। এদিকে মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে আয় কমেছে। 

বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হারের এই তথ্য প্রকাশ করে বিবিএস।

বিবিএসের তথ্যে দেখা যায়, জাতীয় পর্যায়ে সেপ্টেম্বর মাসে খাদ্য খাতের মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে, যা আগস্ট মাসে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা আগস্ট মাসে ছিল ৯.৩২ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮.৯৮ শতাংশ।

গ্রাম ও শহরের মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় শহরের তুলনায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮.৩১ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭.১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৯.৫৯ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে ৯.৫৭ শতাংশ হয়েছে।

শহর এলাকায় সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮.২০ শতাংশ। শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭.২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৮.৯৭ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৮.৯৪ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮.০৫ শতাংশ। খাতওয়ারি হিসেবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ।

সারাদেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com