মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:৪১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:৪৪:৩৭ অপরাহ্ন
মাদরাসার সহযোগিতায় আয়োজিত নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। বুধবার (০৭ অক্টোবর) রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন নিলামে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দাম হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন।

মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন। 

রাত তখন প্রায় ১টা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিল ও নিলামের পুরো পর্ব সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর ওঠে। এরপর আব্দুল মালিক রুকন চারটি কমলা কিনে নেন। মাহফিলে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদরাসার কার্যক্রমে সহযোগিতা করা।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করেই তার বাবা কমলাগুলো কিনেছেন। পাশাপাশি মাদরাসাটিকে বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়, যা বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

তারা বলেন, ফলগুলো এত বেশি দামে বিক্রির মূল কারণ মাদরাসায় সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদরাসার শুভাকাঙ্ক্ষী এবং এর উন্নয়নে সহযোগিতা করে আসছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com