বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত, বিজিবির পাল্টা ফায়ার

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:৩২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:৩২:৩০ অপরাহ্ন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি একজন বাংলাদেশী নাগরিক।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একই সাথে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com