ঢাবি শিক্ষক পুত্রের গাড়িচাপায় ৬ শিক্ষার্থী আহত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:১৯:৫৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এর ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাদমান সাকিবের গাড়ি চাপায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

গাড়ি চাপা দেওয়া সাদমান সাকিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়েই ক্যাম্পাসে প্রদক্ষিণ করছিলেন সাদমান সাকিব।

একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এলে রাস্তায় চলাচলকারী মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। এতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম এবং সিদরাতুল।

অভিযুক্ত সাদমান সাকিব বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অবস্থান করছেন। তার বিচার দাবিতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা প্রক্টর অফিসের সামনেই অবস্থান করছেন। সেখানে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com