দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:৪৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:৪৪:৫৯ অপরাহ্ন
আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের বাড়তি চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে পাঁচটি ট্রেনের একাধিক দিনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। অতিরিক্ত কোচ যুক্ত করা, ট্র্যাক ও সেতুর নিরাপত্তা জোরদার এবং প্রধান স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও বাতিল করা হয়েছে।

গত রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পূজায় অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে।

সময়সূচি বিপর্যয় এড়ানো ও ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে। ট্র্যাক ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে রিলিফ ট্রেন।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ২০২৬ তারিখে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মচারীদের নজরদারি ও কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দফতরপ্রধান, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com