নিষিদ্ধ হামজা চৌধুরী

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:৪৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:৪৮:৩০ অপরাহ্ন
মাঠে হার, সাথে লাল কার্ডের ধাক্কা পোর্টসমাউথের বিপক্ষে রাতটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর। ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। 

ফলে আগামী শনিবার (১৭ অক্টোবর) ব্রিস্টল সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হামজাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে পরাজয়ের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন হামজা। সে ক্ষেত্রে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে বাংলাদেশের এই ফুটবলারকে।

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, শুরুতে হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

ওয়াইল্ডারের মতে, পুরো ঘটনা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। হামজার মাঠে অবস্থান এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, মাঠে এমন ঘটনা প্রায়ই ঘটে। স্যাম ম্যাককালামকেও তিন-চারবার আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানান শেফিল্ড কোচ। তার ভাষায়, হামজা আর কোথায় যেতে পারত, সেটিই তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হচ্ছে বলে জানান ওয়াইল্ডার।

নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের উদাহরণও টানেন তিনি। ওয়াইল্ডারের দাবি, ওই ম্যাচের ৯৩ মিনিটে ওয়েস্ট হাম পেনাল্টি পেয়েছিল। পরে চতুর্থ অফিশিয়ালের কাছে জার্সি টানার ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি।

হামজার বহিষ্কার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াইল্ডার বলেন, তাদের জানানো হয়েছিল হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে আবেদন করতেই পারেন, কারণ এটি খেলারই অংশ। তবে পুরো ঘটনায় নিজেদের অন্যায়ের শিকার বলে মনে করছে শেফিল্ড ইউনাইটেড।

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ। এমন পরিস্থিতিতে হামজাকে পরের ম্যাচে না পাওয়া শেফিল্ডের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com