বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:০৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:০৮:৫০ অপরাহ্ন
ভারতের অভিবাসন ও বিদেশি নাগরিকবিষয়ক আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানান মুম্বাই পুলিশের কর্মকর্তারা।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোমবার গামদেবী থানায় অভিযোগ করেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। তার অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন ইমরান।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে যোগ দেন অভিনেতা। সেখানে বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরান খানকে কিছু সময়ের জন্য হেফাজতে নিয়েছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে ইমরান খানকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের একটি অনুলিপি তিনি পেয়েছেন। এ ঘটনায় আরও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com