২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৭:২৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৭:২৬:২৭ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সফরকালে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌ ঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ সফরসূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।

দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছে মধ্যাহ্নবিরতি শেষে বেলা পৌনে ২টায় ওয়ার্ড রুমে সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় পৌঁছানোর কথা রয়েছে তার।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com