ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত: পাইলট নিহত, সহকারী নিখোঁজ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:৩৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৩৫:৫৫ অপরাহ্ন
ফ্রান্সে প্রশিক্ষণ ফ্লাইটে গিয়ে বিধ্বস্ত হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি মিরেজ ২০০০ডি যুদ্ধবিমান। মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সি জেলার উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-আয়ে এবং ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি।

বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমান চালক সহকারী) নিখোঁজ রয়েছেন।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি এর প্রতিবেদন অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সির কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পাইলটের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও, নিখোঁজ নেভিগেটরকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁ মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন যে, দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। তিনি ফেসবুকের এক বিবৃতিতে জানান, ড্রোনের সাহায্যে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে জরুরি উদ্ধারকাজ চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এই ঘটনার কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি উদঘাটনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com