হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের পথে বিমান

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:২৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:৪১:২১ অপরাহ্ন
সৌদি আরবের বিমানবন্দরে হুথি গোষ্ঠীর একের পর এক হামলার মধ্যে ৩৭৯ যাত্রী নিয়ে দেশটির দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৮টায় ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে গেছে।

ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।’

এর আগে বুধবার সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 
কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের কারো আঘাত সামান্য, আবার কারও গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে উড়ে আসা একটি ড্রোন প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

হুথি যোদ্ধাদের সাথে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ধারাবাহিক এসব হামলার কারণে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হতে থাকে। বুধবার পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com