জল্পনায় মজেছে টালিপাড়া, বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:৩৪:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:৩৪:১৩ অপরাহ্ন
চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত কদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে  টালিপাড়ায়। গুঞ্জন যদি সত্যি হয়, তবে অবিবাহিত হিসেবে এটাই নাকি তার জীবনের শেষ দুর্গাপূজা। 

প্রতিবারই পূজার নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নেন মিমি। তবে এবারের আনন্দ যেন একটু অন্য মাত্রার, ভক্তদেরও তেমনই ধারণা। উৎসবের মেজাজে জমিয়ে পূজাবিপণি কাটাচ্ছেন তিনি।

পূজার আনন্দ আর বিয়ের গুঞ্জন- সব মিলিয়েই এখন খবরের শিরোনামে মিমি। এর মাঝেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির ব্যস্ততা আর বিয়ের প্রস্তুতি সামলে ঠিকই পূজার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। 

প্রতিবারের মতো এবারও নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সাথে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সাথে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সাথে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। তার সেই আনন্দের দলে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জীও। নাচের ছন্দে হইহই করে পূজা কাটানোর বার্তাই যেন ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে টালিপাড়ায় এখন একটাই চর্চা- আসছে ডিসেম্বরেই নাকি চার হাত এক হতে চলেছে। পাহাড়ঘেরা শহর কালিম্পঙে বসতে পারে বিয়ের আসর। এমনকি, ঘনিষ্ঠ মহলে নাকি শুরু হয়ে গেছে নিমন্ত্রণের তোড়জোড়ও। যদিও এ বিষয়ে মিমি বা তার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com