জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:১১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:১১:১৬ অপরাহ্ন
জর্ডানের কারাক গভর্নরেটে একটি হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানে চলাকালে বন্দুকধারীরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

জর্ডানের জননিরাপত্তা অধিদফতরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়তা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আল-মায়তা আরও জানান, বন্দুকধারীদের খুঁজে বের করার অভিযান চলছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার করা হবে এবং আমাদের জাতীয় ঐক্যে কোনো আঘাত আসতে দেয়া হবে না।’

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হওয়ার পর তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুখোশধারী হামলাকারীরা গির্জার ভেতরে ঢুকে কয়েক মিনিট ধরে গুলি চালায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-মামলাকা জানিয়েছে, গির্জাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা দুই সন্দেহভাজনকে ধাওয়া করছে। ওই দুই ব্যক্তি একটি যানবাহন থেকে নেমে গুলি চালিয়েছিল।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com