ক্যান্সারে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে উপস্থাপিকা তুলনা

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৪৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৩:২৬ অপরাহ্ন
মাস ছয়েক আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই চলে গেলেন মৃত্যুর দেশে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

এরই মধ্যে তুলনার দাফনও সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। ২০ অক্টোবর করা হয় অস্ত্রোপচার। কিন্তু এর মধ্যেই তার শরীরে ক্যান্সার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুদিন তুলনার অবস্থা ভালোই ছিল। পরিবারের সাথে কথা বলেছেন। কিন্তু শুক্রবার সকাল থেকেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর আর তাকে বাঁচানো যায়নি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন। তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com