৬ কার্গো এলএনজি কিনবে সরকার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০২:০১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০২:০১:১৫ অপরাহ্ন
বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে ৬ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার (২৪ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রথম প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কার্গো এলএনজি কেনার অনুমোদন চাওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজন হলে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদনও চাওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এমএমবিটিইউ এলএনজির দাম হবে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম। এ ক্ষেত্রে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন চাওয়া হয়। কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিতে উল্লিখিত দরের চেয়ে ভিন্ন দামে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম। এ প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com