বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:০৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:০৩:২৭ অপরাহ্ন
সীমাহীন দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভঙ্গুর স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বাস্তবভিত্তিক সুপরিকল্পনা, দক্ষ জনবল, জবাবদিহিতা ও অর্থের স্বচ্ছ ব্যবহারের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি, চিকিৎসকদের সেবার মান, আস্থা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। 

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আধুনিক সুবিধা নিশ্চিত করে কমিয়ে আনতে হবে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা।

রাষ্ট্রপতি বলেন, রোগীর প্রতি মানবিক আচরণ, চিকিৎসার ব্যাপারগুলি রোগী ও স্বজনদের সহজ ভাষায় বুঝিয়ে বলা, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীর প্রতি বিশেষ সহমর্মিতা নিশ্চিত করা অপরিহার্য। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হন। ফলে প্রতিবছর বিপুল অর্থ দেশের বাইরে চলে যায়। এই প্রবণতা কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com