ছয় ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:০৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:০৬:৩৪ অপরাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। 

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রেনের কোচ ক্ষতিগ্রস্ত হওয়া, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান বলেন, বর্তমানে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল চালু রয়েছে। তবে মিটারগেজ লাইন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com