মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১২:৪৪:৪৫ অপরাহ্ন
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ দেওয়া যাবে না। একই সাথে মেডিক্যাল পরীক্ষা করানোর ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সাথে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না।

মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

নির্দেশনায় বলা হয়, কোনো এজেন্সি মেডিক্যাল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ধরনের অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ জন্য মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে : secretary@probashi.gov.bd।
নির্দেশনায় আরো জানানো হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। পাশাপাশি মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে মন্ত্রণালয়ের এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com