মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:০৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:০৭:২২ অপরাহ্ন
মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। প্রেক্ষাগৃহে আসার আগেই আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের বাজারে এটিকে বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে ফারস ফিল্মস । এ জন্য প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি (এমজি) দিয়েছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ন্যূনতম গ্যারান্টি ১০০ কোটি রুপির ঘরও পেরোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শাহরুখ খানের সিনেমাগুলোর বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত পালন করে আসছে যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ)। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে একই ধরনের চুক্তির পরিকল্পনা ছিল। 

সে ব্যবস্থায় পরিবেশক নির্দিষ্ট কমিশনের বিনিময়ে সিনেমা পরিবেশন করে, আগাম কোনো ন্যূনতম আয়ের নিশ্চয়তা দেয় না। তবে এবার দায়িত্ব নিয়েছে ফারস ফিল্মস। প্রতিষ্ঠানটি জার্মানি ও উত্তর আমেরিকার মতো বাজারে স্থানীয় উপপরিবেশকদের কাছে স্বত্ব বিক্রি করতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বাজার সরাসরি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এই বড় অঙ্কের চুক্তির কারণে সিনেমাটির ওপর বাণিজ্যিক চাপও বাড়বে। পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, বিদেশি বাজার থেকে বিনিয়োগের হিসাব মেলাতে ‘কিং’-কে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ৪৭৫ কোটি রুপি আয় করতে হতে পারে। এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি সিনেমাই বিদেশি বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি করে আয় করেছিল। ফলে ‘কিং’-এর সামনে প্রত্যাশার মাত্রা যে অনেক বেশি, তা বলাই যায়।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর পর এই পরিচালকের সাথে এটি তার দ্বিতীয় কাজ। সিনেমাটিতে আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালকে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com