নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:০৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:০৩:২৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের জালকুড়িতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের মূল সড়কে প্রবেশে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকেরা লিংক রোডে উঠে পড়েন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। পরে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। 

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ অব্যাহত রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে, আজ বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা ব্যারিকেড ভেঙে সড়কে উঠে যান।

একইসঙ্গে সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com