ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১০:২৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১০:২৩:৫৬ পূর্বাহ্ন
ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। দেশটির আল-জাওফ, আল-বায়দা, সা’দা ও তাইজ প্রদেশে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক স্থাপনাও ছিল। রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানান তিনি।

এদিকে বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত আল-দাহিদা পর্বতমালায় তারা আরও অগ্রসর হয়েছে। হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জন করেছে তারা। এর আগের দিনই ওই পর্বতমালার গুরুত্বপূর্ণ উচ্চভূমিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল সরকারি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে সরকারি বাহিনী।

এ ছাড়া ইয়েমেনের সেনাবাহিনীর মিডিয়া বিভাগ বুধবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজম এলাকায় হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য দেখা গেছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com