বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৪:৩৯ অপরাহ্ন
বুলগেরিয়ায় ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে ৫০টির বেশি গাড়ি ও ভারী যানবাহনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেশটির পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলের বুরগাস শহরগামী ত্রাকিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী কাটিয়া ইভকোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মহাসড়কের ইয়ামবোল শহরের কাছাকাছি এলাকায় ঘন কুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশেই বহু গাড়ি ও ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং কিছু যানবাহন উল্টে সড়কের পাশে ছিটকে পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে ঘন কুয়াশাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com