দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৪০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৪০:২১ অপরাহ্ন
দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এই ষড়যন্ত্র করছে।

তবে এ বক্তব্যে তিনি বিরোধী দলকে সরাসরি ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করেননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়। সরকার সেই চেষ্টা নস্যাৎ করেছে।

তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। শিল্প খাত ও বিনিয়োগের পরিবেশ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com