ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৪২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৪২:৫৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক জরুরি সমন্বয় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভায় সভাপতিত্ব করেন।

সভায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বাড়ানো হবে নজরদারি। 

এ ছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

একই সাথে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সাথে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com