চলন্ত অবস্থায় খুলে পড়ল ট্রেনের বগির দরজা, আহত ২

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৪৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৪৮:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে সালদা নদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনের ‘ড’ বগির দরজাটি খুলে পড়ে যাওয়ার পর সেটি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে ট্রেনটি। তবে দরজাটি রেললাইন বা আশপাশে পড়ে গিয়ে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে দরজাটি উদ্ধার করা হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) শামস মো. লেলিন জানান, সালদা নদী এলাকার একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে সেটি সরানোর চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে পড়ে যায়। এতে দরজার সামনে থাকা দুই যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে। পরে সংশ্লিষ্টরা দরজাটি উদ্ধার করেন।

বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় শব্দ শুনে উঠে দেখেন, বগির একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।

চলন্ত ট্রেনে এভাবে বগির দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও ট্রেনের দরজার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com