পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:১৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:১৪:৪৩ অপরাহ্ন
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান। 

প্রশ্নোত্তর পর্বে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠী দ্বারা হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের যেই সব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই সব বিষয়ে সরকারের নিকট কী তথ্য রয়েছে? বিগত পাঁচ বছরে এই ধরনের কতটি ঘটনা সংগঠিত হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছে?

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়কালে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর উপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছেন।

তিনি আরও বলেন, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিতকরণ করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর উপর ও ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর হামলার হয়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এছাড়াও, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com