ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:৩০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:৩০:৪৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বুধবার (১১ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন। এছাড়া আরও তিনজন আজ বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তারা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পদ ছেড়ে দেওয়ার জন্য ‘অনুরোধ’ করা হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গতকাল প্রক্টরের সঙ্গে তার দেখা হয়েছিল। সে সময় প্রক্টর তাকে চারপাশের চাপের কথা জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি জানতে চান, পদত্যাগ করলে ভালো হবে কি না। প্রক্টরের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ এলে তিনি সেই অনুরোধ রেখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। 

তিনি আরও জানান, প্রক্টর পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো আদেশ দেননি। বরং পারিপার্শ্বিক চাপের বিষয়টি উল্লেখ করে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন।

অন্য সহকারী প্রক্টরদের সরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।’ 

অন্যদিকে, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, তিনি ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রেও তিনি এই কারণগুলোই উল্লেখ করেছেন।

সহকারী প্রক্টরদের মধ্যে মোট কতজন পদত্যাগ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে ।'

পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, যেকোনো বিষয়েই এমন অভিযোগ ওঠা স্বাভাবিক। আমরা সব কিছুর মধ্যেই রাজনীতির গন্ধ খুঁজি এবং সব জায়গায় রাজনীতি দেখতে পাই। তবে ঠিক কী কারণে তারা পদত্যাগ করেছেন, তা যারা সরে দাঁড়িয়েছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com