নবজাতক চুরির অভিযোগে নারী আটক পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:১৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:১৫:০২ অপরাহ্ন
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিক থেকে যমজ সন্তানের মধ্যে একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগের পর বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে সাত থেকে আট দিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ শহরের বলাকা ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। 
গোপন সংবাদের ভিত্তিতে তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক নারী প্রথমে নিজেকে ওই শিশুর মা দাবি করলেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশুটিকে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে এবং প্রকৃত অভিভাবক শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশ হেফাজতে থাকবে।

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। ওই দিন বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রসূতির স্বামী শান্ত ইসলামের অভিযোগ, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেওয়া হয় এবং অপর শিশুটির বিষয়ে কোনো তথ্য না দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট চিকিৎসক, ক্লিনিক মালিক, বিএমএ এবং ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং যমজ সন্তানের তথ্য আসা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনটি ভুল ছিল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com