খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০২:১১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০২:১১:২৩ অপরাহ্ন
খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। 

তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

থৈ অংগ্য বলেন, শনিবার ভোরবেলা থেকে পুনরায় তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধান শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত তার লাশটি পাওয়া যায়। 

তিনি আরও বলেন, বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।

এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে লাশ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে।

রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন আছে। কীভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। 

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com