কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০১:৫০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০১:৫০:১১ অপরাহ্ন
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেফতার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনো এর দায় নেবে না।

রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপির কমিশনার এসব কথা বলেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনো তার দায় নেবে না। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।

সিএমপি কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, সেহেতু আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন নেওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়।

মামলা রুজু করার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে এবং নিয়ম অনুযায়ী আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয় কি না, এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হন, তা তার একান্তই ব্যক্তিগত দায়।

এ সময় তিনি বলেন, বার্তাটি স্পষ্ট, যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com