বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:১৬:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:১৬:০৭ অপরাহ্ন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। একই সাথে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com