গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৮:১৭ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্ব প্রমাণ করে। গোপালগঞ্জ ছাড়া আর কোথাও তারা কিছু করতে পারছে না।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।’ 

মন্ত্রী বলেন, সহিংস আন্দোলনের মধ্য দিয়ে ফিরে আসার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জের সহিংসতাকে তিনি দলটির দেউলিয়াত্বের প্রমাণ বলে উল্লেখ করেন। 


তিনি আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।’ 

এ সময় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল না দেওয়া, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন দেওয়া, কেবল অনলাইনের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com