সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৪০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৪০:৩২ অপরাহ্ন
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদাবি সর্বোচ্চ পর্যায়ে আছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সাথে যুক্ত ছিলেন।

এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ঙ্কর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে। সরকার দ্রুত জিনিসগুলো ম্যানেজ করে নিতে পারবে বলেও আশ্বস্ত করেন জাহেদ উর রহমান।

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচিও বেআইনি।  বলেন, ‘গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেফতার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।

প্রধানমন্ত্রীর এই  উপদেষ্টা বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।’


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com