স্ত্রীর সাথে বিচ্ছেদ

দুধ দিয়ে গোসলের পর এক মণ মিষ্টি বিতরণ করলেন স্বামী

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৮:০৪ অপরাহ্ন
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কে অভিযোগকে কেন্দ্র করে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সাথে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তার বাড়িতে এই আয়োজন করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সাথে দীর্ঘ ১৮ বছর আগে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের সংসারে অশান্তি চরমে ওঠে। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন হোসেন মৃধা।

ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আমি দিনের পর দিন সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজের মানসিক শান্তি এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে এবং মিষ্টি বিতরণ করে নিজেকে কলঙ্কমুক্ত ও পাপমুক্ত করলাম।’

১৮ বছরের দীর্ঘ সম্পর্কের এমন করুণ পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা জুড়ে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com