সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:৩৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:৩৬:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের বাকি ৬৩ জেলাতেও সম্প্রসারণ করতে হবে। সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি মনে করেন, ‘আলোকিত লালমনিরহাট’ মডেল বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।

বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে। মানুষ ভয়ের মধ্যে ছিল। দেশে একধরনের সামাজিক অবক্ষয় দেখা গিয়েছিল, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্থ করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন সারা দেশে প্রয়োজন। সরকার গঠনের পর থেকে তারাও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।

সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে পরিবর্তন আনা সম্ভব, ‘আলোকিত লালমনিরহাট’ তা প্রমাণ করেছে। আজ বড় আনন্দের দিন। সংগঠনের সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

পরিবেশদূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, আমাদের নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষা করতে হবে। পাশাপাশি এ জেলায় মাদক সমস্যা রয়েছে। আপনারা তা নিরসনে অনেক চেষ্টা করছেন। সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।

বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে। নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটবেলায় তারা প্রজাপতি দেখতেন, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। ফুল, ফল ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com