নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:২৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:২৫:৩৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকার কারণে চুলা থেকে গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে ভাসতে থাকে। সারা ঘর গ্যাসে ভরে ছিল। ভোরে রান্নার জন্য কেউ দিয়াশলাই বা আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আগুনে পুড়ে যায় একই পরিবারের তিন সদস্য।

পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সবার শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ওই বাসায় গিয়ে গ্যাসের চুলার চাবি চালু পেয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com