মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৫:২৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৫:২৩:২১ অপরাহ্ন


সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একটি মাছ ধরার ট্রলারে তোলার পর টানা ছয় থেকে সাত দিন সাগরে ভাসিয়ে রেখে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারী চক্র। 

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে, যেখান থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে এবং বাকিরা তীরে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে একজন শিশু, দুজন নারী এবং ২৫ জন পুরুষ রয়েছেন।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে মালয়েশিয়াগামী যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে নারী ও শিশুসহ মোট ৭২ জন যাত্রী ছিলেন। টানা কয়েক দিন সাগরে ঘোরানোর একপর্যায়ে বৈরী আবহাওয়া এবং যাত্রীদের জিম্মি করে টাকা আদায়কে কেন্দ্র করে ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে তীব্র বিরোধ ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জেরে শুক্রবার মধ্যরাতে ট্রলারটি লাবণী পয়েন্টের তীরে ভিড়িয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

উদ্ধার হওয়া যাত্রীদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর মিঠাপানির ছড়া ঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরের বড় ট্রলারে তোলা হয়েছিল। টানা কয়েক দিন সাগরে ভাসমান থাকার পর মাঝিমাল্লা ও দালালদের অভ্যন্তরীণ বিরোধের জেরে ট্রলারটি লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। পাচারকারীরা নেমে পালানোর পর ট্রলারে থাকা ৭২ জনের মধ্য থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে এবং অন্যরা তীরে নেমে বিভিন্ন স্থানে সরে পড়েন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, এই পাচারের পেছনে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিনের (৪১) চক্র জড়িত। স্থানীয়দের তথ্যমতে, আব্দুল আমিন এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক কারবার ও মানবপাচার পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, তাঁর চক্র প্রথমে মালয়েশিয়াগামী যাত্রীদের জিম্মি করে রাখে এবং পরে রাতের আঁধারে ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেয়। স্থানীয়রা আরও জানান, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি।

এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নে আন্তর্জাতিক মানবপাচারকারী সাইফুল ইসলাম (দাঁড়িওয়ালা), শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ ২০ থেকে ৩০ জনের একটি বড় সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার নামে নারী ও শিশুদের জীবনঝুঁকিতে ফেলার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং তাঁরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মানবপাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার ভিকটিমদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com