আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০১:১৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০১:১৪:৩৭ অপরাহ্ন
জনগণ তার কথা শোনার কারণেই ভারতে স্বর্ণের দাম কমেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গত মে মাসে এক বছর প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন। স্বর্ণ কেনা কমানোর ফলে দাম কমেছে এবং মানুষের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেন মোদি।

তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছর স্বর্ণ কিনবেন না। এই দেশবাসী আমার কথা শুনেছেন। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিলেন, আর দেশের মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন স্বর্ণের দাম কমেছে। এখন মানুষ আমাকে বলছেন, ‘মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি। এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’

নিজের আহ্বানের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনা করেন মোদি। তিনি বলেন, ‘১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রীজি দেশবাসীকে একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন দেশের মানুষ তার কথা মেনেছিলেন। আমার দেশের মানুষের সেই মানসিকতা এখনো আছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম গত ৯ মে ছিল ১৫ হাজার ২৫০ রুপি। ২১ নভেম্বর তা কমে দাঁড়ায় ১২ হাজার ৫২৩ রুপিতে। এই দামসংক্রান্ত তথ্যের উৎস হিসেবে গুডরিটার্নসের কথা উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com