২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:২৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:২৭:১৯ অপরাহ্ন
বিশ্বকাপের সহআয়োজক হওয়াটাই বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে এবার শুধু আয়োজক হয়েই সন্তুষ্ট থাকতে চান না বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশের মাটিতে আয়োজন করতে চান তামিম। এ লক্ষ্যে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

২০১১ সালের পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে বাংলাদেশ।

তবে এখন পর্যন্ত বাংলাদেশে শুধু গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের বিষয়টিই সামনে এসেছে। তামিমের চাওয়া, এবার যেন দেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের বড় একটি ম্যাচও মাঠে বসে উপভোগ করতে পারেন।

রবিবার (২২ নভেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের আশার কথা জানিয়েছেন তামিম, ‘একটি বিষয় নিয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি, এটা করতে পারব।

আমরা অন্তত একটি সেমিফাইনাল ম্যাচ বাংলাদেশে আয়োজন করতে চাই। আমি খুবই আশাবাদী, এমন কিছু একটা হবে।’
এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তার আশা, বাংলাদেশে শুধু গ্রুপ পর্বের ম্যাচই নয়, আগের বিশ্বকাপের তুলনায় ম্যাচের সংখ্যাও বাড়বে।

তামিম বলেন, ‘আমি এ নিয়ে আলোচনা করছি।সময় হলে আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেবে, তখন আপনারা জানতে পারবেন। আমি খুবই আশাবাদী, আমাদের দেশে অবশ্যই গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে এবং আগের তুলনায় বেশি হবে। তবে আমরা যদি একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ আদায় করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। এ বিষয়েও আইসিসির সঙ্গে আলোচনা চলছে।’

২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার দেশের মাটিতে কয়েকটি গ্রুপ পর্বের ম্যাচ ও একটি কোয়ার্টার ফাইনাল হলেও সেমিফাইনাল কিংবা ফাইনালের মতো বড় ম্যাচ আয়োজনের সুযোগ মেলেনি। ২০৩১ সালে সেই আক্ষেপ ঘোচাতে চান তামিম।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com