১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা

বিএনপির প্রচার জোরদারে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:০৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:০৫:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ)’ গঠন করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সংগঠনটির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক (ভাইস চেয়ারম্যান পদমর্যাদা) ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এমপি স্বাক্ষরিত এক কমিটিতে ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিক ওয়াহিদ এবং মহাসচিব হিসেবে কে এম হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত এ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তাঁরা সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সবাইকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিএফ-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অবঃ) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডাঃ মনজুরুল ইসলাম, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরামসহ বেশ কয়েকজন পরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট যুক্ত রয়েছেন।

এ ছাড়া নির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি ও জাকারিয়া আলম আপেল। যুগ্ম মহাসচিব হিসেবে আছেন মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মোঃ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নুরুকজ্জামান উজ্জ্বল।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com