ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:৪৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:৪৪:০৯ অপরাহ্ন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

আবহাওয়া অধিদফতরের সহকারী ফারজানা সুলতানা বলেন, মঙ্গলবার(২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল এত দূরে হলেও এর মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ায় রংপুর ও ঢাকার মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প হয়নি।

আবহাওয়া অধিদফতর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পটি নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com