এবার ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৭:২৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৭:২৪:১২ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সাথে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সাথে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’

এ অর্জনের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের সব কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com