গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন
১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান বিক্ষোভ করেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৫টি কারখানা। ছুটি দেওয়া হয়েছে ২০টিতে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর গাজীপুরা ২৭ নম্বর রোড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামেন। শ্রমিকরা বলছেন, সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি জীবন-যাপনের জন্য যথেষ্ট নয়। মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে তৎপর হন। এ সময় কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মূল সড়কে উঠতে বাধা দেওয়া হয়। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনরত কয়েক শ্রমিক বলেন, বর্তমান বাজারদরের তুলনায় ঘোষিত মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা অসম্ভব। গতকাল সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলে তা নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘোষিত এই মজুরি প্রত্যাখ্যান করে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও রাজপথে নেমেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, ১২ পেট্রোল এসআরবি ও ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকরা নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আজ ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এফ হোসেন বলেন, শ্রমিকদের কোনোভাবেই মূল সড়কে উঠতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com