ট্রেনের বিলম্বে ফ্লাইট মিস, ভারতীয় রেলওয়েকে ৬৩ হাজার রুপি ক্ষতিপূরণের নির্দেশ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০১:০৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০১:০৭:০২ অপরাহ্ন
জম্মু থেকে দিল্লি এবং সেখান থেকে ফ্লাইটে গুয়াহাটি যাওয়ার ভ্রমণ পরিকল্পনা করেছিলেন জম্মুর এক দম্পতি। কিন্তু ট্রেনের বিলম্বের কারণে ফ্লাইট মিস, অপ্রত্যাশিত হোটেল অবস্থান এবং বাড়তি ভ্রমণ খরচের তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয় তাদের সে যাত্রা।

তাদের ট্রেনটি ৪ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছিল। ট্রেন দেরি হওয়ার কারণে সংযোগকারী ফ্লাইট ধরতে না পারা মোহিত সিং ভাউ এবং তার স্ত্রী দামিনী বিলোরিয়াকে ৬৩ হাজার ১৯৯ রুপি ক্ষতিপূরণ দেওয়ার জন্য উত্তর রেলওয়েকে নির্দেশ দিয়েছে জম্মু জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। 

গত ৪ নভেম্বর কমিশনের সভাপতি পবন দেব কোতোয়াল এবং সদস্য নীলাম বালা ভরদ্বাজের দেওয়া এই আদেশে রেলওয়েকে সেবা প্রদানে ঘাটতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দম্পতি ২০২২ সালের ১৯ ডিসেম্বর জম্মু থেকে দিল্লি দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন।

পরদিন ভোর ৩টা ৫৫ মিনিটে ট্রেনটির দিল্লিতে পৌঁছানোর কথা থাকলেও, নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর সকাল ৭টা ৫০ মিনিটে সেটি গন্তব্যে পৌঁছায়। গুয়াহাটির উদ্দেশে তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ১৫ মিনিট। ট্রেনটি দিল্লিতে পৌঁছানোর আগেই ফ্লাইটটি ছেড়ে চলে যায়।

ওই দম্পতি কমিশনকে জানান, নতুন ফ্লাইটের টিকিট কাটতে তাদের ৩৫ হাজার ৬৯৯ রুপি এবং দিল্লিতে হোটেলে থাকতে ২ হাজার ৫০০ রুপি খরচ করতে হয়েছে।

তারা দাবি করেন, ট্রেন দেরি হওয়ার কারণেই এই ৩৮ হাজার ১৯৯ রুপি বাড়তি খরচ হয়েছে।  আর্থিক ক্ষতির জন্য ৬০ হাজার রুপি, মানসিক যন্ত্রণা ও ভোগান্তির জন্য ৫০ হাজার রুপি এবং মামলা পরিচালনার ব্যয় হিসেবে ৩০ হাজার রুপি ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

আত্মপক্ষ সমর্থনে উত্তর রেলওয়ে এই বিলম্বের জন্য কুয়াশাকে দায়ী করে। ‘ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন কোচিং ট্যারিফ’-এর ১১৫ নম্বর বিধির উদ্ধৃতি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, ট্রেনের সময়ানুবর্তিতার নিশ্চয়তা দেওয়া হয় না এবং বিলম্বের কারণে কোনো ক্ষতির জন্য রেলওয়ে দায়ী নয়।

তবে কমিশন পর্যবেক্ষণে জানায় যে, রেলওয়ে সময়মতো লিখিত জবাব দেয়নি এবং এই বিলম্ব যে তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল তা প্রমাণ করার মতো কোনো তথ্যপ্রমাণও উপস্থাপন করেনি।

কমিশন রায় দেয় যে, উপযুক্ত প্রমাণ ছাড়া শুধু কুয়াশার অজুহাত গ্রহণযোগ্য নয়। রেলওয়েকে দায়ী করে কমিশন ওই দম্পতির নতুন ফ্লাইটের টিকিট ও হোটেল ভাড়া বাবদ খরচ হওয়া ৩৮ হাজার ১৯৯ রুপি বার্ষিক ৭.৫ শতাংশ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া মানসিক যন্ত্রণা ও ভোগান্তির জন্য ২০ হাজার রুপি এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৫ হাজার রুপি প্রদানের আদেশ দেওয়া হয়েছে; যার ফলে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৯৯ রুপি। আদেশের কপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে এই অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে কমিশন। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com