তিনবার শয়তানের উপস্থিতি ও নরকের প্রবেশদ্বার দেখার দাবি পোপ ফ্রান্সিসের

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫৮:০৪ অপরাহ্ন
জীবনে তিনবার শয়তানের উপস্থিতি অনুভব এবং একবার নিজের চোখে নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথা ব্যক্তিগত ডায়েরিতে লিখে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত তাঁর ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ সংকলিত ১৬০ পৃষ্ঠার ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা ওই ডায়েরির বিবরণ অনুযায়ী, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে দুইবার এবং পোপ থাকাকালে ২০১৮ সালে তৃতীয়বার শয়তানের উপস্থিতি টের পান ফ্রান্সিস। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, শয়তানের চোখ ছিল আগুনের মতো জ্বলজ্বলে, কণ্ঠস্বর ছিল অত্যন্ত কর্কশ এবং এর উপস্থিতি ছিল একই সঙ্গে ভয়ংকর ও প্রলুব্ধকর। এ ছাড়া ২০১৮ সালের জুনে ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় নরকের প্রবেশদ্বার দেখে ভীত হয়ে পড়লে আত্মিক সুরক্ষার জন্য হাতে রোজারি বা জপমালা তুলে নিয়েছিলেন তিনি।
অতিপ্রাকৃত অভিজ্ঞতার পাশাপাশি ডায়েরিতে নিজের মানসিক দ্বন্দ্ব ও আত্মসমালোচনার কথাও লিখেছেন ফ্রান্সিস।

 ২০২১ ও ২০২২ সালে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার আকাঙ্ক্ষা নিয়ে গভীর আত্মিক সংকটে ভোগার পাশাপাশি চিলিতে ক্যাথলিক যাজকদের যৌন নিপীড়নের অভিযোগগুলোর গুরুত্ব শুরুতে যথাযথভাবে উপলব্ধি করতে না পারায় তিনি অনুশোচনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com