ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:০৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:০৩:২৩ অপরাহ্ন
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো আদালতপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী মো. নয়নকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে রাজীব বোস নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পরপরই সেখানকার আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com