মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন, ১১ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০১:২৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০১:২৫:২৪ অপরাহ্ন
রাঙামাটির বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোনের উপস্থিতি টের পেয়ে অন্তত ১১ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন। একই রাতে জেলার বিলাইছড়ি সীমান্তের কয়েকটি নিরাপত্তা স্থাপনার আশপাশেও ড্রোন উড়তে দেখা গেছে। তবে ড্রোনগুলোর উৎস, পরিচালনাকারী কিংবা গুলিতে কোনোটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বলতে থাকা সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখতে পান দায়িত্বরত বিজিবি সদস্যরা। পরে সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নিয়ে ড্রোনগুলো লক্ষ্য করে অন্তত ১১ রাউন্ড গুলি ছোড়েন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। এ সময় আকাশে আলোর ঝলকানি দেখা যায়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলোর অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।

শুধু বাঘাইছড়ি নয়, একই রাতে বিলাইছড়ি জোন সদর, হাজাছড়া আর্মি ক্যাম্প ও গাছকটা আর্মি ক্যাম্পের অবস্থান এলাকার আকাশেও ড্রোন উড়তে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে।

তবে এসব ড্রোনের বিষয়ে এখন পর্যন্ত বিজিবি, সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব কালবেলাকে বলেন, ‘বিষয়টি বিজিবির পক্ষ থেকে এখনো আমাদের জানানো হয়নি। আপনারা যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছেন, আমরাও সেভাবেই জেনেছি।’


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com